ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফরিদপুরে বৈষম্য বিরোধী নেত্রীকে মারধরের ঘটনায় আটক ৬, ওসি প্রত্যাহার

ফরিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষাকে মারধরের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ তিনটি মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) বিকেলে নগরকান্দা থানায় এসব মামলা দায়ের করা হয়।


নারী ও শিশু নির্যাতন এবং ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে দুটি মামলার বাদী বর্ষা নিজেই। অপর মামলাটি দায়ের করেছে থানা পুলিশ, যেখানে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।এ ঘটনার পরপরই জনস্বার্থে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলীকে স্ট্যান্ড রিলিজ (প্রত্যাহার) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শামসুল আজম।


বর্ষা অভিযোগ করেন, ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্থানীয় সেকেন কাজী ও তার ছেলে সাগর কাজীসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলার সময় পুলিশের উপস্থিতিতেও হামলাকারীরা বেপরোয়া হয়ে ওঠে।


এ ঘটনায় রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। বর্ষা ফেসবুক লাইভে দাবি করেন, হামলাকারীরা বিএনপি সমর্থক। তবে স্থানীয়রা জানান, অভিযুক্তরা আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও এখন বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন।


হামলার পরদিন বর্ষার বাড়িতে গিয়ে বিএনপি নেতারা হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে বলেন, তারা দলের কেউ নয়। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান মোল্যা বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরাই এ হামলা চালিয়েছে।”


অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, এ ঘটনায় উত্ত্যক্তকারী শরিফ বেপারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑